বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে এই পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। রাত পৌনে ১১টা পর্যন্ত দুই পক্ষকে মুখোমুখি অবস্থানে থাকতে দেখা গেছে। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের মূল ফটকে এবং ছাত্রদলের নেতা-কর্মীরা পার্কের মোড় মসজিদের সামনে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনী করছিল। সেখানে ‘বিচারিক হত্যাকাণ্ড (জুডিশিয়াল কিলিং)’ হিসেবে কয়েকজনের ছবি প্রদর্শন করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গিয়ে ওই ব্যানার সরাতে বললে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক শিবলী সাদিক অভিযোগ করেন, ছাত্রদল কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, “জুডিশিয়াল কিলিংয়ের যেসব ছবি আমরা লাগিয়েছি, ছাত্রদল এসে বলে সেগুলো রাখা যাবে না। আমরা তাদের প্রশাসনের সঙ্গে কথা বলতে বলেছিলাম, কিন্তু তারা তা না করে অতর্কিত হামলা চালায়।”

অন্যদিকে, রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন অভিযোগ করেন, শিবিরের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধবিরোধী ব্যক্তিদের ছবি খালেদা জিয়ার ছবির পাশে টাঙানো হয়েছিল। তিনি বলেন, “আমরা তাদের এগুলো অপসারণ করতে বলি। এর পরিপ্রেক্ষিতে তারা চেয়ার নিক্ষেপ করে এবং আমাদের একজন আহত হয়।” তিনি আরও অভিযোগ করেন, শিবিরের নেতা-কর্মীরা বহিরাগতদের নিয়ে এসে হামলা চালিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান জানিয়েছেন, মারামারির সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে দ্রুত বিচার করা হবে এবং এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ক্যাম্পাসে পৌঁছায় এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বর্তমানে দুই দলের সভাপতি-সম্পাদকদের নিয়ে উপাচার্য বৈঠক করছেন।