চট্টগ্রাম নগরের খুলশি জালালাবাদ সোসাইটির ৩ নম্বর সড়কে গত সোমবার বেলা দেড়টার দিকে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে তৃতীয় শ্রেণিপড়ুয়া শিক্ষার্থী নাওয়াল আনসারী। স্কুল থেকে ফেরার পর নিজের বাসার মেইন গেটের সামনে নামা মাত্রই একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথা, কপাল, ঠোঁট ও দুই হাতে গুরুতর জখম হয়।
নাওয়ালের বাবা আনসারুল করিম চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগে কর্মরত। তিনি জানান, সকালে তিনি নিজেই মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু দুপুরে বাসায় ফেরার পথে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তিনি স্তম্ভিত ও ক্ষুব্ধ। স্থানীয়দের সহায়তায় নাওয়ালকে প্রথমে জিইসি এলাকার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে আনসারুল করিম প্রশ্ন তোলেন, সরকারি চাকরি করেও তিনি যদি নিজের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে। তিনি অভিযোগ করেন, অটোরিকশাটি ছিল অবৈধ ও নিবন্ধনবিহীন। এছাড়া চালকদের কোনো ড্রাইভিং লাইসেন্স বা প্রশিক্ষণ নেই এবং তারা বেপরোয়া গতিতে গাড়ি চালান।
আনসারুল করিম বলেন, বড় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হলেও এসব অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করা যাচ্ছে না। তিনি সিটি করপোরেশনকে নগরের কোথায় এসব যান চলতে পারবে, সে বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তার মতে, যেসব অটোরিকশা জব্দ করা হয়, সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া উচিত।
চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত অটোরিকশার কারণে দুর্ঘটনা নতুন নয়। গত বছর নগরে এসব যানের বিরুদ্ধে অভিযান চালানো হলেও মহাসড়কে নিষিদ্ধ হওয়ার পর নগরের অলিগলিতে এগুলোর চলাচল আরও বেড়েছে। সন্ধ্যার পর চকবাজার, ডিসি রোড ও বাকলিয়া এক্সেস রোডের মতো মূল সড়কেও এসব অবৈধ অটোরিকশা অবাধে চলাচল করে, যা নিয়ে জনমনে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।
এ নিয়ে গতকাল রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আনসারুল করিম লিখেন, ‘সকাল আটটায় আমি নিজেই আমার আদরের মেয়েটিকে স্কুলে নামিয়ে দিয়ে আসলাম।

