পাবনার ঈশ্বরদীতে মুফতি আমির হামজার আসন্ন ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ বন্ধের দাবিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় ছাত্রদল। শনিবার বিকেলে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিনের কাছে এই স্মারকলিপি জমা দেন সাহাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মহন।
আগামী ২১ অক্টোবর উপজেলার সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডলের উপস্থিত থাকার কথা রয়েছে।
ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মহন জানান, তারা মাহফিল বন্ধের কোনো দাবি জানাচ্ছেন না। তাদের মূল প্রত্যাশা হলো, ধর্মীয় মঞ্চে যেন কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য, আপত্তিকর মন্তব্য বা ব্যক্তিগত আক্রমণ না হয়। তিনি বলেন, ঈশ্বরদীর শান্তিপূর্ণ পরিবেশ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতেই তারা প্রশাসনকে লিখিতভাবে বিষয়টি অবহিত করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ওয়াজ মাহফিল ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি মাধ্যম। তবে ধর্মীয় মঞ্চে রাজনৈতিক বক্তব্য বা কোনো ব্যক্তি ও গোষ্ঠীকে লক্ষ্য করে উসকানিমূলক মন্তব্য করা হলে স্থানীয় পরিবেশ উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই মাহফিলের আলোচনা যেন কেবল কোরআন-হাদিসের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং কোনো মানহানিকর বক্তব্য দেওয়া থেকে বক্তারা বিরত থাকেন, সে বিষয়ে প্রশাসনিক নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এদিকে, একটি ইসলামী মাহফিলকে ঘিরে ছাত্রদলের পক্ষ থেকে এভাবে থানায় স্মারকলিপি দেওয়ার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মাহফিলের আগেই থানায় স্মারকলিপি দেওয়ার এই ঘটনাকে অনেকে বক্তাদের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবেও অভিহিত করেছেন।

