মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সদ্য চুক্তির মেয়াদ শেষ হওয়া এই দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে তাদের বর্তমান দায়িত্বেই বহাল রাখা হচ্ছে। মন্ত্রিপরিষদের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক—উভয়েরই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর করে বৃদ্ধি করা হয়েছে।
সোমবার সরকারের উচ্চ পর্যায়ের একটি বিশেষ সূত্র আমার দেশের কাছে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে নাসিমুল গনি ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক গত বছরের ১২ অক্টোবর এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

