প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৫১। রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সোয়া ছয়টা পর্যন্ত সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফের খাসমহল কোম্পানি কমান্ডার তাদের হেফাজতে থাকা পাঁচ বাংলাদেশিকে বিজিবির আলাইপুর কোম্পানি কমান্ডারের কাছে বুঝিয়ে দেন।
বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনে মীরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৮/৪-এস–সংলগ্ন শূন্যরেখায়, ভারতের অংশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ফেরত আনা বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কলেজছাত্র মোশাররফ হোসেন (২৬), ইয়ানজের ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মণ্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) এবং জামাল মণ্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। এদের মধ্যে সাইফুল ও আশাদুল পেশায় নৌকার মাঝি এবং বাকি তিনজন পাট ব্যবসায়ী।
বিজিবির হেফাজতে আসার পর জিজ্ঞাসাবাদে তারা জানান, গত ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে নৌকাযোগে বাড়ি ফেরার পথে নদীর স্রোতে দিক হারিয়ে তারা অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। এরপর বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। ৭ ও ৮ সেপ্টেম্বর তাদের জলঙ্গী বিএসএফ ক্যাম্পে রাখা হয় এবং ৯ সেপ্টেম্বর সাগরপাড়া বিএসএফ ক্যাম্পে স্থানান্তরের পর একই দিনে ভারতের রানীনগর থানায় হস্তান্তর করা হয়। রানীনগর থানা তাদের হোল্ডিং সেন্টারে রাখে। বর্তমানে তারা শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড কমিশনারের উপস্থিতিতে ঠিকানা যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাতটার দিকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ আলাইপুর খেয়াঘাটে উপস্থিত থেকে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি সীমান্তে বিজিবির পেশাদার ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে বিজিবি সদস্যদের ধন্যবাদ জানান।

