বোয়ালমারীতে কলা চাষে সফল কৃষক হাফিজুর, দেখছেন বড় স্বপ্নের হাতছানি

ফরিদপুরের বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সবুজের সমারোহে গড়ে উঠেছে এক অনন্য কলাবাগান। সারি সারি সবুজ কলাগাছের ফাঁকে উঁকি দিচ্ছে বিশাল সব কাঁদি, আবার কোথাও পরিপক্ব কলার ভারে নুয়ে পড়েছে গাছ। দূর থেকে দেখে সাধারণ বাগান মনে হলেও, কাছে গেলেই ধরা দেয় সম্ভাবনার এক ভিন্ন রূপ। এই বাগানের নেপথ্যে রয়েছেন কৃষক হাফিজুর রহমান সরদার (৪৫)।

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মরহুম আব্দুর রাজ্জাক সরদারের ছেলে হাফিজুর বর্তমানে বোয়ালমারীর সৈয়দপুর এলাকায় বসবাস করছেন। এর আগে তিনি মাছ চাষ ও ফিলিপাইন জাতের আখ চাষের মতো বিভিন্ন কৃষিকাজে যুক্ত ছিলেন। নতুন কিছু করার আগ্রহ থেকে তিনি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান একেএম হামিদুল বারী বরুণ মিয়ার কাছ থেকে প্রায় চার একর জমি লিজ নিয়ে এই বাগান শুরু করেন। যে জমিটি আগে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল, তা পরিষ্কার করে তিনি চাষের উপযোগী করে তোলেন।

প্রায় ১ হাজার ৭০০টি কলাগাছের এই বাগানে ১ হাজার ২০০টি রঙিন সাগর কলা এবং বাকিগুলো চাপাসব্রি জাতের। গত বছরের আশ্বিন মাসে চারা রোপণের পর মাত্র ১০ মাসের মাথায় গাছে ফলন আসতে শুরু করে। হাফিজুর জানান, বাগান তৈরিতে তার খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ কাঁদি সাগর কলা বিক্রি করছেন তিনি। আকার ও মানভেদে প্রতি কাঁদি পাইকারি ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ৮ থেকে ৯ লাখ টাকার কলা বিক্রির আশা করছেন এই কৃষক।

কলা বিক্রির পাশাপাশি বাগানের বাড়তি আয়ের উৎস হিসেবে কাজ করছে চারাগাছ। প্রতিটি পরিপক্ব গাছের গোড়ায় জন্মানো তিন থেকে চারটি করে চারা স্থানীয় বাজারসহ বিভিন্ন জায়গায় ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি করছেন তিনি। হাফিজুরের এই উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, বাগানটির বিষয়ে তারা আগে অবগত ছিলেন না, তবে প্রয়োজনে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান জানিয়েছেন, পুষ্টিসমৃদ্ধ কলার উৎপাদন বাড়লে তা স্থানীয় চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে এবং প্রয়োজনে উপজেলা প্রশাসন কৃষক হাফিজুরকে সহায়তা করবে।