বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদান প্রদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম) শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি সংশ্লিষ্ট মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নিজস্ব তহবিল থেকে এই অনুদানের অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের অত্যন্ত আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কোনো ধর্মীয় ভেদাভেদ করে না। তিনি আরও বলেন, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী এবং দলটিও হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এবারের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে এবং প্রতিটি মন্দিরে সরকারিভাবে ৬০০ কেজি চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ির ব্যবস্থাও করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
বিরোধীদলের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, একসময় ১১ দলীয় জোট বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়েছিল, আর এখন তারা বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে বিএনপি জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। সরকারের বয়স মাত্র ছয় মাস, এমন পরিস্থিতিতে বিরোধী দলের একদফা দাবির বিষয়টিকে তিনি হাস্যকর হিসেবে অভিহিত করেন এবং দেশের স্বার্থে সরকারকে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব এবং মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক ও সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

