ইতালিতে যান্ত্রিক ত্রুটির কবলে বিমানের ফ্লাইট, ভোগান্তিতে ২৫৬ যাত্রী

কানাডার টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বিজি৩০৬ ফ্লাইটটি টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। পরবর্তীতে জ্বালানি সংগ্রহের জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে ফ্লাইটটি ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।

অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি থাকার কথা জানায় এবং মেরামতের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করে। যাত্রীদের দেয়া তথ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১টা পর্যন্ত উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়েতেই অবস্থান করছিল। দীর্ঘ সময় পার হলেও ফ্লাইটটি কখন পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে, সে বিষয়ে যাত্রীদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এই অনিশ্চয়তার কারণে ২৫৬ জন যাত্রী চরম উদ্বেগ ও ভোগান্তির শিকার হয়েছেন।

এ বিষয়ে বিমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে বিমানের একটি সূত্রের বরাতে জানা গেছে, যাত্রীদের আবাসন, খাবার ব্যবস্থা এবং বিকল্প ফ্লাইটের বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাজ করছে।