ইতালির বিমানবন্দরে আটকে বিমানের ২৬০ যাত্রী, মেঝেতে কাটছে রাত

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট ইতালির রোম বিমানবন্দরে দীর্ঘ ২৮ ঘণ্টারও বেশি সময় ধরে আটকা পড়ে রয়েছে। শুক্রবার সকাল থেকে আটকে থাকা এই ফ্লাইটের ২৬০ জন যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। যাত্রীদের অভিযোগ, বিমান কর্তৃপক্ষ তাদের জন্য প্রয়োজনীয় হোটেল, খাবার কিংবা চিকিৎসার কোনো কার্যকর ব্যবস্থা করেনি।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর প্রায় ৮ ঘণ্টা যাত্রীদের উড়োজাহাজের ভেতরেই বসিয়ে রাখা হয়। পরবর্তী সময়ে তাদের নামিয়ে নেওয়া হলেও পর্যাপ্ত লাউঞ্জ বা বিকল্প আবাসনের ব্যবস্থা ছিল না। ফলে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অনেকে বিমানবন্দরের মেঝেতে রাত কাটাতে বাধ্য হয়েছেন। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ইনসুলিন ও প্রয়োজনীয় ওষুধ সময়মতো ব্যবহারের সুযোগ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এছাড়া শিশুদের খাবার নিয়েও সংকট দেখা দেয় এবং সকালের নাশতা নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পর দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা থাকা ও খাবারের ব্যবস্থা করেছে, তবে যাত্রীরা একে 'চরম বিপর্যয়' হিসেবে বর্ণনা করেছেন। ২৬০ জন যাত্রীর মধ্যে অন্তত ১৭০ জন বাংলাদেশের পাসপোর্টধারী। তারা ইতালিতে প্রবেশ করতে না পেরে বাইরে গিয়ে হোটেলে ওঠার চেষ্টা করলেও ব্যর্থ হন।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, রোমে উড়োজাহাজ মেরামতের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি পার্টস সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ত্রুটি মেরামতের জন্য শনিবার দুপুরে একটি টেকনিক্যাল টিম রোমের উদ্দেশে রওনা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাদের পৌঁছানোর কথা। সব কিছু পরিকল্পনামতো চললে শনিবার রাত ১০টায় ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা রয়েছে, যা রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছাতে পারে। অর্থাৎ যাত্রীদের প্রায় ৪০ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকতে হবে।

মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে বিমান বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করা এবং দক্ষ টেকনিক্যাল টিম নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।