দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে ১০ হাজার বিজিবি মোতায়েন

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজিবি সদর দফতরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম চলবে।

নিরাপত্তা পরিকল্পনার মূল দিকগুলো তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হবে। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দেওয়া, গুজব রোধ এবং সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজর রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজিবি জানিয়েছে, দেশের মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। এর মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত মণ্ডপ এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকাগুলো বিশেষ গুরুত্ব পাবে। দুর্গম ও দূরবর্তী এলাকায় দ্রুত সহায়তা পৌঁছানোর লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

রাজধানী ঢাকায় বিজিবির দায়িত্ব ও মোতায়েনের পরিধি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে নির্ধারিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত থাকবে।