সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাবন্দি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৭ জুলাই আমিরাতের একটি আদালত শর্তসাপেক্ষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত শর্ত দিয়েছেন যে, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি আমিরাত ত্যাগ করতে পারবেন না।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাকে আটকের ক্ষেত্রে দুবাই পুলিশ এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল সহায়তা করেছিল।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার তালিকায় তার নাম ছিল।
২০২৪ সালে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে দুর্নীতির অভিযোগ উঠলে বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। সেই সময় তিনি দেশত্যাগ করেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। গত বছরের ১০ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

