নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রড কম ব্যবহারের ফলে পা দিয়ে জোরে আঘাত করতেই সেতুর স্ল্যাব ভেঙে পড়ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুই প্রকৌশলীর কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ত্রুটিপূর্ণ কাজ দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার এলজিইডির নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠিতে এসব নির্দেশনা প্রদান করা হয়।
এলজিইডির তথ্য অনুযায়ী, বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট থেকে সাহেবেরহাট ও হাসানহাট হয়ে মাইজদী আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত ৪৯ দশমিক ০৬ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মিত হচ্ছে। মেসার্স হক ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করছে। গত ২১ সেপ্টেম্বর এলজিইডির সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ঠিকাদারের প্রতিনিধিরা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, সেতুর ফুটপাতের স্ল্যাবের কাজ অত্যন্ত নিম্নমানের এবং তা নকশা ও স্পেসিফিকেশন বহির্ভূত। এছাড়া রেলিংয়ের রডের কাজও নিম্নমানের বলে প্রতীয়মান হয়েছে।
এ ঘটনায় বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনসুর আহমেদ এবং উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলামকে পৃথক চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট প্রকৌশলীরা নির্মাণকাজ যথাযথভাবে তদারকি করেননি, যা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার শামিল এবং সরকারি চাকরিবিধির পরিপন্থী। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্সকে দেওয়া চিঠিতে আগামী সাত দিনের মধ্যে নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী ত্রুটিগুলো সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলীকে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া কাজের গুণগত মান নিশ্চিত না হওয়া পর্যন্ত বিল পরিশোধ না করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে টাঙ্গাইলের বাসাইলেও নির্মাণাধীন একটি সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই করার অভিযোগ উঠেছিল, যেখানে সংশ্লিষ্ট ঠিকাদার ও উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

