জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকার ‘সেলফি রোড’-এ এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি পরিচালিত হয়।
অভিযানে অংশ নিয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ এবং জেলা প্রশাসক মামুন খন্দকার নিজ হাতে ঘাস কেটে ও ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন। তাদের সাথে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া ‘বিডি ক্লিন’-এর সদস্য, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সম্মিলিতভাবে এলাকার বড় ঘাস, ঝোপঝাড় ও যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনা অপসারণ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগরীকে সুন্দর ও বাসযোগ্য করে তুলতে এই কার্যক্রম অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, একটি পরিচ্ছন্ন নগরী গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি সবাইকে যত্রতত্র ময়লা না ফেলে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। এছাড়া জাতীয় যুব দিবস উপলক্ষে এই উদ্যোগটি তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, পরিচ্ছন্নতা শুধু একদিনের কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং একে আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। নিজের শহর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার মূল দায়িত্ব সবারই। বিশেষ করে যুবসমাজকে এই ধরনের স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক কাজে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

