রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মেহেদী হাসান (২৪) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি প্রাইভেট কার অত্যন্ত দ্রুতগতিতে ফুটপাতে উঠে পড়ে এবং সেখানে বিশ্রামরত মেহেদী হাসানকে চাপা দেয়। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে গাড়ির নিচ থেকে মেহেদীর রক্তাক্ত দেহ উদ্ধার করেন। এ সময় ক্ষুব্ধ জনতা গাড়িটিতে থাকা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন জানান, নিহত মেহেদী হাসানের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় গ্রামে। পুলিশ ইতিমধ্যে প্রাইভেট কারটি জব্দ করেছে। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা ইসমাইল হোসেন আরও জানান, আটককৃত কিশোর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তার ছেলে এবং গাড়িটি তার বাবার। ঘটনার সময় গাড়িটি একজন চালক চালাচ্ছিলেন বলে জানা গেছে। পুলিশ ওই চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর গাড়িটি থেকে দুজন ব্যক্তি নেমে আসেন। এর মধ্যে চালকের আসন থেকে কালো টি-শার্ট পরিহিত ওই কিশোর এবং অপর পাশ থেকে শার্ট পরিহিত এক মধ্যবয়সী ব্যক্তিকে নামতে দেখা যায়। স্থানীয়রা জড়ো হলে ওই কিশোরকে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়।

