বাংলাদেশের ওপর নতুন কোনো শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেও বাংলাদেশের ওপর নতুন কোনো শুল্ক যুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জনস্বার্থে ব্রিকসসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে যোগ দেওয়ার বিষয়ে বর্তমান সরকার সচেষ্ট থাকবে।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তি পদে থাকা অবস্থায় তার কাজের জন্য সাধারণত মামলা করা যায় না। তবে রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার আগে বা পরে যদি কোনো সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব।

জ্বালানি খাতের বর্তমান সংকট নিয়ে উপদেষ্টা বলেন, আগের সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই বর্তমানে এই সংকট তৈরি হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পে গ্যাস সংযোগ দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, এতদিন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হয়নি এবং অলিগার্কদের সুবিধা দেওয়ার জন্য গ্যাস উত্তোলনে কোনো কার্যকর ভূমিকা নেওয়া হয়নি।

জুলাই মাসের গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, সে সময় পুলিশ ৫৬ এসকেএস রাইফেল এবং ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ব্যবহার করেছিল। এছাড়া ২০১৮ সালের নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে এই নির্বাচনের বিচার না হওয়াকে তিনি অবিচার হিসেবে উল্লেখ করেন।

শাপলা চত্বরের ঘটনার বিষয়ে তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। সরকার কোনোভাবেই একে উপেক্ষা করবে না। যেই আইন ভঙ্গ করে থাকুক না কেন, ঘটনার প্রেক্ষাপট ও আইন অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি জানান।