ক্ষুধা দূরীকরণের বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশের অগ্রগতি আগের তুলনায় ধীর হয়ে পড়েছে। গত বুধবার জার্মানির বার্লিনে প্রকাশিত ২০২৬ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূচকে ১২২টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম স্থানে রয়েছে এবং দেশটির স্কোর ১৯ দশমিক ২। এই স্কোর অনুযায়ী, বাংলাদেশে ক্ষুধার মাত্রা এখনো ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।
প্রতিবেদনটির তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৮ সালে বাংলাদেশের স্কোর ছিল ২০। গত আট বছরে স্কোর কমেছে মাত্র শূন্য দশমিক ৮ পয়েন্ট বা ৪ শতাংশ। অথচ ২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে স্কোর ৩৪ দশমিক ৬ থেকে ২০-এ নেমে এসেছিল, যা ছিল ৪২ শতাংশের বেশি অগ্রগতি। এই দুই সময়ের ব্যবধানই প্রমাণ করে যে, দেশে বর্তমানে ক্ষুধা কমানোর গতি আগের চেয়ে অনেকটা মন্থর হয়েছে।
শিশুদের পুষ্টি পরিস্থিতির ক্ষেত্রে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টি বা কৃশকায় হওয়ার হার ২০১৮ সালের ৮ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে সর্বশেষ মূল্যায়নে ১২ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০০০ সালের পর সর্বোচ্চ। তবে বয়সের তুলনায় কম উচ্চতার বা খর্বকায় শিশুদের হার ২০০০ সালের ৫৪ দশমিক ৯ শতাংশ থেকে কমে বর্তমানে ২৪ শতাংশে নেমে এসেছে। দীর্ঘ মেয়াদে অগ্রগতি হলেও এখনো দেশের প্রতি চার শিশুর একজন বয়সের তুলনায় স্বাভাবিক উচ্চতা পাচ্ছে না।
অবশ্য সার্বিক জনসংখ্যার মধ্যে অপুষ্টির হার ২০১৮ সালের ১২ দশমিক ১ শতাংশ থেকে কমে ৮ দশমিক ২ শতাংশে এসেছে। একই সময়ে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ৩ দশমিক ৩ শতাংশ থেকে কমে ৩ শতাংশে দাঁড়িয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা (১০ দশমিক ২ স্কোর) ৫৩তম এবং নেপাল (১৪ দশমিক ৫ স্কোর) ৭২তম অবস্থানে থেকে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। অন্যদিকে, ভারত ১০০তম, পাকিস্তান ১০৬তম এবং আফগানিস্তান ১০৮তম অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার সামগ্রিক গড় স্কোর ২৩ দশমিক ৫, যা এই অঞ্চলে ‘গুরুতর’ ক্ষুধা নির্দেশ করে। বিপরীতে বৈশ্বিক গড় স্কোর ১৮ দশমিক ১, যা বিশ্বে ক্ষুধার মাত্রা ‘মাঝারি’ হিসেবে চিহ্নিত করে। মূলত জনসংখ্যার অপুষ্টির হার, শিশুদের উচ্চতা ও ওজনের অনুপাত এবং শিশুমৃত্যুর হার—এই চারটি বিষয়ের ওপর ভিত্তি করে গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের স্কোর নির্ধারণ করা হয়। সূচকে স্কোর যত কম হয়, ক্ষুধার তীব্রতাও তত কম ধরা হয়। সাধারণত স্কোর ১০ থেকে ১৯ দশমিক ৯-এর মধ্যে থাকলে ক্ষুধাকে ‘মাঝারি’ হিসেবে বিবেচনা করা হয়।
দেশ তিনটির অবস্থান যথাক্রমে ১০০তম (স্কোর ২৪.১), ১০৬তম (স্কোর ২৫.৫) ও ১০৮তম (স্কোর ২৮.৬)।.দক্ষিণ এশিয়ার সামগ্রিক গড় স্কোর ২৩ দশমিক ৫, যা এই অঞ্চলে ‘গুরুতর’ মাত্রার ক্ষুধা নির্দেশ করছে।

