প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৩৭
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে উপজেলার মিরপুর বাজারে এ সংঘর্ষ চলে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং মিরপুর-শ্রীমঙ্গল সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বানিয়াগাঁও গ্রামের আবদাল মিয়ার ছেলে মুরাদের সঙ্গে পাশের পশ্চিম জয়পুর গ্রামের হাজী খুরশেদ মিয়ার ছেলে উজ্জ্বলের ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগ নিলেও একটি পক্ষের অসম্মতির কারণে তা সম্ভব হয়নি। এরই সূত্র ধরে বুধবার সন্ধ্যায় উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিরপুর বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুষলধারে বৃষ্টির মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে রাত ৯টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারের বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। এছাড়া, সংঘর্ষের সময় ইটের টুকরো বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক গুরুতর আহত হন। ইটপাটকেলের আঘাতেও আহত হয়েছেন বহু মানুষ।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতাল এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
দীর্ঘ চেষ্টার পর পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন তালুকদার সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে উভয় পক্ষের ৫ জন করে মোট ১০ জন প্রতিনিধিকে থানায় ডাকা হয়েছে।

