কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে তোলা একটি অবৈধ পানের বরজ উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের পাঁচ কর্মকর্তা-কর্মচারী। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
হামলার শিকার বনকর্মীরা হলেন পানেরছড়া বন রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগানের মালি সাইদুল ইসলাম, বনকর্মী মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্য মিজানুর রহমান। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন জানান, বন বিভাগের দলটি সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজটি উচ্ছেদ করতে গেলে দখলদারেরা সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের মাথায় গুরুতর আঘাত থাকায় তাঁর অবস্থার অবনতি হলে বিকেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৫ জুলাই একই ইউনিয়নের সমিতিপাড়া এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা আরেকটি অবৈধ পানের বরজ উচ্ছেদ করা হয়েছিল। একই দিনে শিয়াপাড়া এলাকা থেকে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করা হয়। কর্মকর্তাদের দাবি, এসব অভিযানের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। ডিএফও আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সংগঠনটি একে বন বিভাগের পাশাপাশি রাষ্ট্রের আইনের শাসনের ওপর প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছে।

