রাজধানীর বনশ্রী এলাকায় পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছেন সুমাইয়া রহমান নামের এক তরুণী। গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে বনশ্রী এফ ব্লকের ৮/৩ নম্বর রোডের লাল মিয়া গলির মাঝের দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুমাইয়া জানান, নিয়মিত তিনি ওই এলাকায় কুকুরকে খাবার দিয়ে আসছেন। ঘটনার সময় তিনি একটি কাপড়ের দোকানের সামনে কুকুরকে খাবার দিচ্ছিলেন।
সুমাইয়া রহমানের অভিযোগ, দোকানের সিঁড়িতে কুকুর উঠে যাওয়ায় ১০ থেকে ১২ বছর বয়সী এক কিশোর প্রথমে তাকে সেখান থেকে সরে যেতে বলেন। সরে যেতে কিছুটা দেরি হওয়ায় দোকানের ভেতরে থাকা মালিকও তার ওপর চড়াও হন। একপর্যায়ে ওই কিশোর তাকে গালিগালাজ করলে সুমাইয়া প্রতিবাদ জানান। এরপর ২০ থেকে ২২ বছর বয়সী এক যুবক এসে তার মুখে ঘুষি মারেন। অভিযোগ অনুযায়ী, এরপরই ওই যুবক আশপাশের অন্তত ৫০ থেকে ৬০ জন মানুষকে জড়ো করেন। এরপর তারা সবাই মিলে প্রায় আধা ঘণ্টা ধরে সুমাইয়ার ওপর হামলা চালান, কিল-ঘুষি ও লাথি মারেন।
ঘটনার সময় সুমাইয়ার সঙ্গে আসিফ ইমতিয়াজ নামের আরেকজন ক্ষুদ্র উদ্যোক্তা ছিলেন, যিনি নিজেও ওই এলাকায় কুকুরকে খাবার দেন। আসিফ ইমতিয়াজ জানান, তারা মাত্র দুই মিনিট সময় চেয়েও কোনো সহযোগিতা পাননি। উল্টো স্থানীয়রা তাদের ওপর চড়াও হয়। আসিফ জানান, তিনি কাছেই পরিচিত একজনের সহায়তা নিতে গেলেও ব্যর্থ হন। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তার স্বার্থে তিনি সুমাইয়াকে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, লাল মিয়া গলির ওই কাপড়ের দোকানসহ আশপাশের দোকানগুলো বন্ধ রয়েছে। স্থানীয় নূর হোসেন নামের একজন স্বীকার করেন যে রাতে ওই তরুণীকে মারধর করা হয়েছে, তবে তিনি দাবি করেন কুকুরকে খাবার দিতে গিয়ে দোকান নোংরা করার জের ধরে এই ঝগড়া হয়েছে। যদিও দোকানের মালিকের পরিচয় বা নাম সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের ভাষ্যমতে, শুভ নামের এক ব্যক্তি, যিনি স্থানীয় প্রভাবশালী মাঈনুল ও হালিম নামে দুই ভাইয়ের সহযোগী এবং হালিমের শালা, তিনি মূলত দোকানটি পরিচালনা করেন। শুভই প্রথম আঘাত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী সুমাইয়া রহমান বুধবার সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। তার চোয়াল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্স-রে করতে দিয়েছেন, যার রিপোর্ট পেলে আঘাতের গভীরতা বোঝা যাবে। এ ঘটনায় সুমাইয়া খিলগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশের সাব-ইন্সপেক্টর আজহারুল ইসলাম জানিয়েছেন, তারা ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেছেন, তবে ভুক্তভোগী হামলাকারীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পারেননি। স্থানীয়রা কেউ ঘটনার দায় স্বীকার করছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আগামীকাল অভিযুক্ত ও ভুক্তভোগীদের নিয়ে আলোচনার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

