সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে ঘুমন্ত, বিশ্রামরত বা শারীরিক সংসর্গরত প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও তৈরি ও প্রচার ঠেকাতে কঠোর বিধান যুক্ত হচ্ছে আইনে। প্রস্তাবিত প্রাণিকল্যাণ আইনের সংশোধিত খসড়ায় এ ধরনের কনটেন্ট তৈরি, প্রচার কিংবা এ কাজে সহযোগিতা করার অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে।
অনলাইন প্ল্যাটফর্মে নজর কাড়তে গিয়ে বর্তমানে প্রাণীদের বিরক্তির কারণ হয়ে উঠছেন একশ্রেণির কনটেন্ট ক্রিয়েটর। উদাহরণস্বরূপ, গত মে মাসে ‘বাংলার ড্রোন’ নামের একটি ফেসবুক পেজে শিয়ালের ওপর দুটি ড্রোন উড়িয়ে ভিডিও আপলোড করা হয়, যা দেখে ভয়ে দৌড়াতে থাকে শিয়ালটি। ‘শিয়ালের সঙ্গে ড্রোনের মজার লড়াই’ ক্যাপশনের ভিডিওটি দেখা হয়েছে ৭ লাখ ৮১ হাজার বার। পেজটিতে শিয়াল পরিবারকে ড্রোনের মাধ্যমে উত্ত্যক্ত করার শতাধিক ভিডিও রয়েছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, ঘুমন্ত কুকুরের লেজে বেলুন বেঁধে দূর থেকে ঢিল ছুড়ে ফাটানো হলে কুকুরটি আতঙ্কে দিগ্বিদিক ছুটতে থাকে। পাঁচ লাখের মতো দেখা এই ভিডিওটির প্রফাইলজুড়ে রয়েছে কুকুরকে বিরক্ত করার নানা কনটেন্ট।
২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৬ ধারায় আগে ১৪টি উপধারা ছিল, যেখানে সংশোধিত খসড়ায় নতুন করে (ণ) উপধারা যুক্ত করা হয়েছে। নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, ঘুমন্ত, বিশ্রামরত বা শারীরিক সংসর্গরত প্রাণীকে বিরক্ত করা ছাড়াও প্রাণীর সামনে কোনো প্রতিবিম্ব বসিয়ে বা শরীরে বস্তু সেঁটে দিয়ে ভয় দেখিয়ে ভিডিও করা ও ছড়িয়ে দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি এ ধরনের কনটেন্ট তৈরিতে সহায়তা করা ব্যক্তিকেও শাস্তির মুখোমুখি হতে হবে। আগের আইনে প্রাণী সুরক্ষার অনেক বিধান অ-আমলযোগ্য থাকলেও প্রস্তাবিত খসড়ায় এই অপরাধকে আমলযোগ্য করার সুপারিশ করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান জানান, সরকারের অভিপ্রায়ের আলোকে নানা ধরনের নিষ্ঠুরতা থেকে প্রাণীকে রক্ষা করা এবং আইনটিকে সময়ের উপযোগী করতেই এই সংশোধন আনা হচ্ছে। তিনি বলেন, খসড়াটি বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাধারণ মানুষের মতামতের জন্য রাখা হয়েছে। অংশীজনদের সুপারিশ পাওয়ার পর প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন শেষে খসড়াটি চূড়ান্ত ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
খসড়া আইনে আগের অ-আমলযোগ্য ও জামিনযোগ্য সাতটি অপরাধের উপধারাকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত আইনের ৬ ধারার (চ) উপধারা অনুযায়ী অসুস্থ প্রাণীকে বা মেরে ফেলার উদ্দেশ্যে কোনো প্রাণীকে লোকালয়ে ছেড়ে দেওয়া, (ছ) উপধারায় প্রাণীকে টোপ হিসেবে ব্যবহার, লড়াইয়ে নামানো বা উসকানি দেওয়া এবং (ঞ) উপধারায় লক্ষ্যবস্তু বানিয়ে তির বা গুলি ছোড়ার প্রতিযোগিতায় প্রাণীকে ছেড়ে দেওয়াকে অজামিনযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়েছে। এ ছাড়া (ট) উপধারায় ক্ষুধা, তৃষ্ণা কিংবা ব্যথায় ভুগতে থাকা অসুস্থ প্রাণীকে চিকিৎসা না দিয়ে বিক্রি করাকেও শাস্তিযোগ্য অপরাধের তালিকায় আনা হয়েছে।
এ ছাড়া ৭ ধারার (২) উপধারায় মালিকবিহীন প্রাণী নিধন, ১০ ধারার (১) উপধারায় প্রাণীর সংবেদনশীল টিস্যু অপসারণ, অঙ্গচ্ছেদ বা শারীরিক কাঠামো পরিবর্তন এবং ১১ ধারার (১) উপধারায় ক্ষতিকর ওষুধ বা বিষ খাইয়ে প্রাণীর মৃত্যু, স্থায়ী অঙ্গহানি বা স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করাকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাব রাখা হয়েছে। তবে ভেটেরিনারি সার্জনের লিখিত পরামর্শে চিকিৎসাগত বা যৌক্তিক প্রয়োজনে ব্যথাহীন মৃত্যু বা অজ্ঞান করার ক্ষেত্রে এই কঠোর বিধান প্রযোজ্য হবে না।
নতুন খসড়ায় জরিমানা ও কারাদণ্ডের শাস্তি বহুগুণ বাড়ানো হয়েছে। আগের আইনে প্রয়োজনীয় খাবার না দেওয়া, জোর করে অতিরিক্ত খাওয়ানো, মালিকবিহীন প্রাণী নিধন বা শারীরিকভাবে অনুপযুক্ত প্রাণীকে দিয়ে ভার বহনের ক্ষেত্রে ছয় মাসের জেল ও সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানার বিধান ছিল, যা বাড়িয়ে এখন দুই লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে প্রাণীর সংবেদনশীল টিস্যু কাটা, অঙ্গহানি করা, বিষ দিয়ে হত্যা কিংবা লক্ষ্যবস্তু ও লড়াইয়ে ব্যবহারের অপরাধে আগের দুই বছরের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানার জায়গায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার সুপারিশ করা হয়েছে।
আইন সংশোধনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রাণী অধিকারকর্মীরা। পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক এমিল বলেন, ২০১৯ সালের আইনটি প্রাণীদের কল্যাণে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি। বর্তমান সরকারের পক্ষে অপরাধগুলোকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করা এবং সাজা বাড়ানোর প্রস্তাব আশাব্যঞ্জক। তবে খসড়া আইনের ৭ ধারার (১) উপধারায় প্রাণী হত্যা ও অপসারণের সুযোগ রাখা হয়েছে উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এতে বিশেষ করে পথকুকুরদের ক্ষেত্রে এই বিধানের অপব্যবহার হতে পারে। আইনটি চূড়ান্ত করার আগে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানান তিনি।

