সরকারি প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও দক্ষ করে তোলার লক্ষ্যে বদলি এবং পদায়ন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার জন্য আয়োজিত এই সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন। সভায় উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম বা জেমস-এর মাধ্যমে অনলাইনে বদলি ও পদায়ন কার্যক্রমে এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের পথে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ব্যক্তিগত যোগাযোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমান সরকার মেধাভিত্তিক জনপ্রশাসন গঠন, স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ এবং জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পেনশন আবেদন ও প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার উদ্যোগের কথাও সভায় জানানো হয়। এর অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসর নেওয়া একজন অতিরিক্ত সচিবের পেনশন অনলাইনে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে পাইলট প্রকল্পের কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনাররা অনলাইনে অংশগ্রহণ করেন।

