নিজ দলের এমপির বিরুদ্ধে আদিতমারী বিএনপির সংবাদ সম্মেলন

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিনের (বাবুল) বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা অমান্যসহ নানা অভিযোগ তুলেছেন আদিতমারী উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের একাংশের নেতারা। সোমবার বিকেল পাঁচটায় আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগগুলো উত্থাপন করা হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের শিরোনাম ছিল ‘সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন’।

লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সালেকুজ্জামান প্রামাণিক। তিনি অভিযোগ করেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে রোকন উদ্দিন দলের সঙ্গে কোনো সমন্বয় করছেন না এবং নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছেন। এছাড়া জাতীয় পার্টি, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগসাজশে তিনি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ করা হয়, যা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নির্বাচনের পর থেকে সংসদ সদস্য কোনো ধরনের কর্মী মূল্যায়ন সভা বা সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেননি। উল্টো দলের কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নির্দেশনা অমান্য করে তিনি মঙ্গলবার বিকেলে আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলের নাম ভাঙিয়ে একটি বিধিবহির্ভূত সভার আহ্বান করেছেন, যা সম্পর্কে মূল দলের নেতারা অবগত নন। ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিষয়েও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয়, যেখানে এমপির নির্দেশে দলীয় কার্যালয়ের তালা ভেঙে সভা করার কথা জানানো হয়েছে।

সালেকুজ্জামান প্রামাণিক বলেন, এমপি রোকন উদ্দিন নিজস্ব স্বার্থ হাসিলের জন্য আদিতমারী বিএনপিকে বিভক্ত করে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। দলের কাঠামো ভেঙে নিজস্ব অনুসারী তৈরির মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দুর্নীতি, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান নেতারা। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলামসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য রোকন উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং আগামীকাল মঙ্গলবার বিকেলে আদিতমারীতে জাতীয় সংসদ নির্বাচন-উত্তর যে কর্মী মূল্যায়ন সভা আহ্বান করেছি, সেটা বানচালের জন্য আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ এনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।’ তিনি আরও দাবি করেন, সংবাদ সম্মেলনে উপস্থিতদের অধিকাংশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বিরোধিতা করেছিলেন এবং এখন নানা অজুহাতে তার বিরুদ্ধে কাজ করছেন।

এ বিষয়ে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে মূল বিএনপি ও সহযোগী সংগঠনের মূল নেতারা কিছুই জানেন না।একটি ঘটনা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান নির্ধারিত সময় বেলা ১১টায় শেষ করা হয়।