মহেশখালীতে এক্সিলারেট টার্মিনাল সচল, বাড়ছে গ্যাস সরবরাহ

তিন দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের মহেশখালীতে অবস্থিত আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ আবারও শুরু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পেট্রোবাংলা।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নতুন আসা এলএনজি টার্মিনালে যুক্ত হবে। এর ফলে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে টানা ২৫ দিনের তীব্র গ্যাস-সংকটের পর ১৫ আগস্ট সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু হলে গ্যাস সরবরাহ বেড়েছিল। তবে এলএনজির নতুন কার্গো না থাকায় এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ কমতে কমতে গত বুধবার বিকেলে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে নতুন জাহাজ আসার পর টার্মিনালে থাকা মজুত থেকে সরবরাহ পুনরায় শুরু করেছে কর্তৃপক্ষ।