যশোরের অভয়নগরে একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে ওয়ান শুটার গান উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার শুভরাড়া গ্রামের মিজান গাজীর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি জব্দ করা হয়। মিজান গাজী ওই গ্রামের বাসিন্দা মজিদ গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভয়নগর থানা পুলিশের একটি দল মিজান গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশির এক পর্যায়ে বাড়ির সিঁড়ির নিচে ধানের বস্তার ভেতর থেকে ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজান গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, পলাতক মিজান গাজীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

