স্বাক্ষর জালিয়াতি, অনুদানের অর্থ আত্মসাৎ, সরকারি নির্দেশনা লঙ্ঘন এবং ভুয়া অভিপ্রায়পত্র বা এলওআই (LOI) দাখিলের মতো গুরুতর অনিয়মের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিও বিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব সংস্থার বিরুদ্ধে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ভঙ্গ এবং ব্যুরোর জারি করা আইনানুগ নির্দেশনা অমান্য করার মতো কারণে এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র দাখিলের মতো অভিযোগও রয়েছে। এসব সংস্থাকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এনজিও বিষয়ক ব্যুরো নিজস্ব নীতিমালা ও সরকারি বিধিবিধান অনুযায়ী এনজিওর নিবন্ধন, নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদানপুষ্ট প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করে। ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এই ব্যুরো বৈদেশিক অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সমন্বয় করে আসছে।
দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওগুলোর ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে এসব সংস্থা অবদান রাখছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ এবং সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এনজিওগুলো কাজ করছে। তবে বেআইনি কর্মকাণ্ডে জড়িত এনজিওগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

