বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বিসিএস (পরীক্ষা-২০২৫)-এর লিখিত পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এই পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে (প্রভিশনালি) উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে।
পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি সাময়িক ফলাফল। মৌখিক (ভাইভা) পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। এই যাচাই-বাছাইয়ের পরেই চূড়ান্ত ফলাফল গ্রহণযোগ্য হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যদি কোনো উত্তীর্ণ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র বা অন্যান্য তথ্যে কোনো ভুল, অসংগতি বা বিধিবহির্ভূত কিছু পাওয়া যায়, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হবে।
প্রকাশিত ফলাফলে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের উত্তীর্ণ প্রার্থীরা রয়েছেন। পিএসসি জানিয়েছে, এই তালিকায় রোল নম্বরগুলো মেধাক্রম অনুযায়ী সাজানো হয়নি; বরং রোল বা নিবন্ধন নম্বরের ক্রমানুসারে সাজানো হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা খুব দ্রুত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীরা তাদের রোল নম্বর পিএসসির ওয়েবসাইট থেকে যাচাই করতে পারবেন।

