ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যমে স্বরাজপুর গ্রামে আঘাত হেনেছে একটি ভয়াবহ টর্নেডো। আজ রোববার দুপুর ১২টার দিকে প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী এই টর্নেডোর আঘাতে গ্রামটি লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রবল বাতাসে গ্রামের অন্তত ৩৫টি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং শতাধিক গাছপালা ও চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে।
ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানান, সকাল থেকেই এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে টর্নেডো শুরু হয়। ৪০ সেকেন্ড স্থায়ী এই ঝড়ে বাতাসের তীব্রতায় ঘরের টিন, আসবাবপত্র, বাঁশ এবং বিদ্যুতের খুঁটি উড়ে গিয়ে ধ্বংসস্তূপের সৃষ্টি হয়। স্থানীয় সাহাব উদ্দিন নামে এক বৃদ্ধ জানান, ৭০ বছরের জীবনে তিনি এমন টর্নেডো দেখেননি। ঝড়ের কবলে পড়ে তার ঘরের চাল উড়ে গেছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। জয়নাল আবেদিন নামে আরেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান, এনজিও থেকে ঋণ ও ধার করে তৈরি করা তার ঘরটি টর্নেডোতে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, ফলে এখন পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন তিনি।
বিকেলে সরেজমিনে দেখা যায়, গ্রামের কয়েক শ মিটার এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন পড়ে আছে। মেঠো পথ ও ধানখেতের পাশে ঘরের টিন, গাছপালা এবং তারসহ উপড়ে পড়া বিদ্যুতের খুঁটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন।
সোনাগাজী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোস্তফা কামাল জানান, ঝড়ে বেশ কিছু তার নষ্ট হয়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এগুলো মেরামতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা জানান, টর্নেডোতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তিনি অবগত আছেন। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

