পীরগাছায় স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

রংপুরের পীরগাছায় নির্মাণাধীন উপজেলা স্টেডিয়াম প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ও সড়ক অবরোধের মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার এই নির্দেশ দেন। একই সঙ্গে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।

শনিবার দুপুরে নির্মাণাধীন স্টেডিয়াম এলাকা সরেজমিনে পরিদর্শনে যান পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। পরিদর্শনের সময় তিনি স্থানীয় বাসিন্দা, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নির্মাণকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এবং আমিনুল ইসলাম রাঙাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা ইউএনওর কাছে অভিযোগ করেন, স্টেডিয়ামের নির্মাণকাজে শুরু থেকেই নানা অনিয়ম চলে আসছে। প্রকল্পে নিম্নমানের ইট, ভিটি বালু ও চিকন রড ব্যবহারের পাশাপাশি প্রয়োজনের চেয়ে অনেক কম সিমেন্ট দেওয়া হচ্ছে বলে তাঁরা দাবি করেন।