গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক সাজাপ্রাপ্ত নারী বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিন মেট্রন ও চার নারী কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার দুপুরে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন কাশিমপুর মহিলা কারাগারের মেট্রন লায়লা আনজুমান, মোসা. মেরিনা, মোসা. রেহেনা এবং নারী কারারক্ষী মোসা. শায়লা, মোসা. শারমিন, মোসা. জেমি ও আসমা খাতুন।
কারাগার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে প্রায় ৪০ জন নারী বন্দীকে দিয়ে কারাগারের ভেতরে বিভিন্ন কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রনদের নজরদারিতে ঘাটতি তৈরি হয়। এই সুযোগটি কাজে লাগিয়ে মোছা. রিম্পা (২১) নামের এক বন্দী নারী সেখান থেকে পালিয়ে যান। রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়ে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী ছিলেন।
বন্দী পালিয়ে যাওয়ার পরপরই কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতর একাধিকবার তল্লাশি চালালেও রিম্পার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে গতকাল শুক্রবার বিকেলে কারাগারের জেল সুপার শিরিন আক্তার বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানিয়েছেন, পলাতক ওই নারী বন্দীকে পুনরায় গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

