ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, কোনো ধরনের ভয়-ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা উল্লেখ করে তিনি অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ করার আহ্বান জানান।

সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দিয়ে আইজিপি দ্রুত পরিবর্তনশীল অপরাধপ্রবণতা, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি নবীন কর্মকর্তাদের অনলাইন জুয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ বিভিন্ন প্রযুক্তিগত অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন।

অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইজিপি বলেন, তাদের সন্তানরা আজ থেকে রাষ্ট্র সেবার এক গৌরবময় দায়িত্ব পালনের সুযোগ লাভ করল। তিনি ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শকে ধারণ করে দেশসেবার মহান ব্রতে আত্মনিয়োগ করার জন্য নবীনদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন এবং সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। এছাড়া রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষাণার্থীদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আইজিপি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন এবং প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।