দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশনের পাশে থাকার প্রতিশ্রুতি আমার দেশের

রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে শুক্রবার দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদ। ক্যানসার আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত এই ফাউন্ডেশনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ফিরোজা মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুর রহমান বাংলাদেশে ক্যানসার রোগীর ক্রমবর্ধমান হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান, ক্যানসার ও কিডনি জটিলতায় তিনি তার শাশুড়ি ও মাকে হারিয়েছেন। তিনি বলেন, দেশে ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি ও ডায়াগনসিসের পর্যাপ্ত ব্যবস্থার অভাব রয়েছে। ফলে অনেক সময় রোগীরা শেষ পর্যায়ে এসে রোগ শনাক্ত করতে পারেন, যেখানে চিকিৎসকদের করার খুব একটা কিছু থাকে না। তিনি দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের, বিশেষ করে উপস্থিত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার বাবা-মায়ের ধৈর্য ও প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

ফাউন্ডেশনের প্রচার ও প্রসারের বিষয়ে ড. মাহমুদুর রহমান জানান, আমার দেশ পত্রিকা থেকে ফাউন্ডেশনের উদ্দেশ্য ও কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পত্রিকার মাধ্যমে প্রচার চালালে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে এবং মানুষ এই মহৎ উদ্যোগে এগিয়ে আসবে। তিনি বলেন, ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তার অনেক বন্ধু-বান্ধব রয়েছেন, তাই তিনি সবসময় এই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন।

দেশে ক্যানসার চিকিৎসাসেবার সামগ্রিক চিত্র তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশে মেধাবী চিকিৎসকের অভাব নেই, তবে সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ ও বিশেষায়িত ব্যবস্থার ঘাটতি রয়ে গেছে। যার ফলে রোগীদের চিকিৎসার জন্য বিদেশে ছুটতে হয়। তিনি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ক্যানসার চিকিৎসাকে অগ্রাধিকার ভিত্তিতে দেখার আহ্বান জানান। উল্লেখ্য, দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশন দরিদ্র রোগীদের সহায়তায় কাজ করছে এবং আবাসন সুবিধা না থাকা রোগীদের জন্য তাদের ‘দিগন্ত ক্যানসার হোম’-এ ভর্তির সুযোগ রয়েছে।

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২১: ৩৬আপডেট : ১৭ জুলাই ২০২৬, ২১: ৩৮