জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে সম্প্রতি ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুরে রাজধানীর রমনায় বিস মিলনায়তনে আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, দিল্লিকে পাঠানো সাম্প্রতিক এই চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশের রায়ের কপিও সংযুক্ত করা হয়েছে। শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে আসাদুজ্জামান খানের বিচার প্রক্রিয়া চলছে। যেহেতু তিনি পলাতক আসামি, তাই তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যে আনুষ্ঠানিক চিঠির প্রয়োজন ছিল, তা ইতিমধ্যে পাঠানো হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, কূটনৈতিক নীতিমালা, প্রটোকল এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে। শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিচার যেভাবে হবে, তার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান তিনি।
এর আগে ২০২৫ সালের নভেম্বরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। শামা ওবায়েদ জানান, ভারতে অবস্থানরত পলাতক আসামিদের ফেরত আনার লক্ষ্যে নিয়মিত বিরতিতে তাদের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন চিঠি পাঠানো হচ্ছে।

