দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে একটি দক্ষ ও পেশাদার বাহিনীতে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কোনো ধরনের উগ্রবাদ বা চরমপন্থাকে সরকার প্রশ্রয় দেবে না। তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে আরও পেশাদার ও জবাবদিহিমূলক করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, কারণ দুর্নীতি দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে অন্যতম।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বৈরাচারী শাসনামলে দেশ থেকে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা বর্তমান সরকার যেকোনো উপায়ে নিয়ন্ত্রণে বদ্ধপরিকর।
সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষক, শ্রমিক, শিক্ষক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীসহ দেশের প্রতিটি নাগরিক যেন দিন শেষে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারেন, সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তোলা হবে।

