মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়ছে যুদ্ধশঙ্কা

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ওয়াশিংটন ওই অঞ্চলে আরও একটি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে। ইউএসএস থিওডর রুজভেল্ট নামের এই রণতরিটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে যাবে। এর ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা বিমানবাহী রণতরির সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত রোববার বাহরাইনে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর আগে গত শুক্রবার বাহরাইনের দিকে ধেয়ে আসা ইরানের দুটি ড্রোন প্রতিহত করেছিল মার্কিন বাহিনী। গত তিন দিনের মধ্যে দেশটিতে এটি ছিল দ্বিতীয় হামলার ঘটনা। প্রায় দুই মাসের বিরতির পর দুই পক্ষের মধ্যে এই সংঘাত নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনাও বর্তমানে অচলাবস্থায় রয়েছে।

পেন্টাগন কিংবা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখন পর্যন্ত ইউএসএস থিওডর রুজভেল্টের পৌঁছানোর সময়সূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অঞ্চলটিতে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা প্রক্রিয়া থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন যে, তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই।

তবে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত রণতরি মোতায়েন করলেও ইরানের বিরুদ্ধে নতুন করে বড় কোনো সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে যে গুঞ্জন রয়েছে, তা মার্কিন সামরিক বাহিনী নাকচ করে দিয়েছে। ইসরাইলের একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, মার্কিন বাহিনী নতুন করে অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এর জবাবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি মোতায়েনের ধরন পরিবর্তন নিয়ে করা এই দাবিগুলো পুরোপুরি অনুমাননির্ভর।