ট্রাম্প প্রশাসনের অনুরোধে পদত্যাগ করলেন গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অনুরোধে গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েল পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি একজন রাজনৈতিক অনুদানদাতার কাছ থেকে নিজের ক্রেডিট কার্ডের ১ লাখ ডলারের বিল পরিশোধের জন্য অর্থ চেয়েছিলেন। বিনিময়ে তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে গিলফয়েল তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া নিশ্চিত করেছেন যে, প্রশাসন গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছিল। তিনি জানান, গিলফয়েল প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তাকে শুভকামনা জানানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, গিলফয়েল দায়িত্ব ভালোভাবে পালন করলেও তার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো নিয়ে প্রশাসন সন্তুষ্ট ছিল না। সোমবার তিনি জানিয়েছিলেন যে, রাষ্ট্রদূতকে বরখাস্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মার্কিন ব্যবসায়ী ও ট্রাম্পের রাজনৈতিক অনুদানদাতা এরিক ডিটার্স এই অভিযোগটি সামনে এনেছেন। তিনি গিলফয়েলের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সরকারি কর্মকর্তাদের কাছে প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাবের অভিযোগ তুলেছেন, যা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। আইনপ্রণেতারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে গিলফয়েলের আইনজীবীদের দাবি, ডিটার্সের কাছে পাওনা অর্থ ছিল রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়ার আগে দেওয়া বক্তৃতা ও পরামর্শসেবার পারিশ্রমিক।

গিলফয়েলের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে অনুপযুক্ত উপহার গ্রহণ, গ্রিসের এক কর্মকর্তাকে হুমকি দেওয়া এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে একটি গ্রিক জ্বালানি কোম্পানির প্রতি পক্ষপাত দেখানো। তার বিরুদ্ধে গ্রিক ব্যবসায়ীদের কাছ থেকে আতিথেয়তা ও ব্যক্তিগত বিমানে ভ্রমণেরও অভিযোগ উঠেছে। আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, গিলফয়েল পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা ও বিধিমালা মেনেই দায়িত্ব পালন করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় তার আচরণ পর্যালোচনা করছে।

উল্লেখ্য, কিম্বারলি গিলফয়েল দীর্ঘ সময় ধরে ট্রাম্পের রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিত। তিনি ট্রাম্পের জ্যেষ্ঠ ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সাবেক বাগ্‌দত্তা এবং পেশাগত জীবনে আইনজীবী ও টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকার পর ২০২৫ সালে তিনি গ্রিসে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এথেন্সে দায়িত্ব পালনকালে তিনি গ্রিসের সঙ্গে জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং পিরেয়াস বন্দরে চীনের বিনিয়োগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় ছিলেন।