দুই পা হারিয়ে ৮ মাস গর্তে থাকা ইউক্রেনীয় সেনাকে ড্রোনে উদ্ধার

ড্রোন হামলায় এক পা পুরোপুরি ছিন্নভিন্ন হয়ে যাওয়ার পর হাড় বেরিয়ে যাওয়া অন্য পাটিও নিজের ছুরি দিয়ে কেটে ফেলতে বাধ্য হয়েছিলেন। চারপাশে শত্রু ড্রোনের তীব্র নজরদারি এবং উদ্ধারের সব পথ বন্ধ থাকায় ধরে নিয়েছিলেন মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি স্কুলের বয়লারঘরের নিচে মাত্র ৮০ বাই ৬০ সেন্টিমিটার ছোট্ট গর্তে টানা আট মাসেরও বেশি সময় লুকিয়ে থাকার পর অবশেষে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন ৪৯ বছর বয়সি ইউক্রেনীয় সেনা কস্তিয়ানতিন ভ্লাসেনকো। বিশাল একটি উড়ন্ত ড্রোনে ঝুলিয়ে তাকে শত্রুর সীমানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর ইউক্রেনীয় সামরিক বাহিনী এই অবিশ্বাস্য উদ্ধার অভিযানটি সফলভাবে পরিচালনা করে। ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের দাবি অনুযায়ী, গত পাঁচ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতিহাসে কোনো জখম সেনাকে আকাশপথে ড্রোনের সাহায্যে ঝুলিয়ে উদ্ধারের ঘটনা এটিই প্রথম। মাটিতে চলাচলকারী যান পাঠিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও শত্রুভাবাপন্ন রুশ ড্রোনের হামলায় দুটি যানই ধ্বংস হয়ে গিয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভ্লাসেনকো তার এই রোমাঞ্চকর বেঁচে ফেরার অভিজ্ঞতা বর্ণনা করেন। ব্যান্ডেজে মোড়ানো দুই পায়ের ক্ষত নিয়ে তিনি জানান, বাঁচবেন এমন আশা তিনি সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন। নিজের পরিস্থিতির কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি নিজেকে আগেই মৃত ভেবে নিয়েছিলাম। জানতাম, আর কোনো আশা নেই।’

ইউক্রেনের ৩০তম মেকানাইজড ব্রিগেডের সদস্য ভ্লাসেনকো গত বছরের মে মাসে খারকিভ অঞ্চলের সম্মুখসারির একটি যুদ্ধক্ষেত্রে মোতায়েন হন। সেখানে ‘বাসকি’ সাংকেতিক নামের আরেক সেনাসদস্যের সঙ্গে ছোট্ট একটি মাটির বাংকারে দীর্ঘ ১০ মাস কাটে তার। ড্রোনের মাধ্যমে সেখানে নিয়মিত খাদ্য ও রসদ পৌঁছানো হতো; এমনকি ভ্লাসেনকোর জন্মদিনে চকলেট ও দামি সিগারেটও ড্রোন থেকে ফেলা হয়েছিল। তবে গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টির পানিতে বাংকারটি ভেসে গেলে তারা বাধ্য হয়ে কাছের একটি ধ্বংসপ্রাপ্ত স্কুল ভবনে আশ্রয় নেন।

স্কুল ভবনে অবস্থানের সময় এক বিস্ফোরণে ভ্লাসেনকোর বাঁ পায়ের পাতা উড়ে যায় এবং ডান পায়েও মারাত্মক আঘাত পান। আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে পচন ধরতে শুরু করলে এবং ডান পায়ের হাড় বাইরে বেরিয়ে এলে বেঁচে থাকার তাগিদে নিজেই নিজের পা কেটে ফেলার চরম সিদ্ধান্ত নেন। রক্তপাত বন্ধ করতে টুর্নিকেট বেঁধে নিজের ছুরি দিয়েই তিনি ডান পায়ের পাতা কেটে বাদ দেন। তিনি বলেন, ‘পায়ের পাতাটি কেটে ফেলা ছাড়া উপায় ছিল না, কারণ সেটি আমার পেছনে টেনে টেনে নিয়ে যেতে হতো। তখন আমার আর কোনো পা অবশিষ্ট ছিল না।’

এরপর ওই ভবনের পুরোনো বয়লারের নিচের সরু গর্তেই আটকে থাকেন তিনি। সম্মুখসারির এই যুদ্ধক্ষেত্রে তার মোট অবস্থানের সময় ছিল ৪৯১ দিন, যার মধ্যে শেষ আট মাস তিনি কাটােন ওই ছোট্ট গর্তে। আকাশজুড়ে সার্বক্ষণিক ড্রোন টহল থাকায় এই এলাকাটি ‘কিল জোন’ নামে পরিচিত ছিল, যেখানে উদ্ধারকারী গাড়ি বা সাঁজোয়া যান পাঠানো ছিল অসম্ভব। উদ্ধার অভিযানের পরিকল্পনাকারী ইউক্রেনীয় কর্মকর্তা ‘অ্যালেক্স’ জানান, একপর্যায়ে ভ্লাসেনকোকে জীবিত উদ্ধার করা অসম্ভব বলেই মনে হচ্ছিল।

পরবর্তী সময়ে ইউক্রেনীয় সামরিক বাহিনী স্থানীয় প্রতিষ্ঠান ‘গুরজুফ ডিফেন্স’-এর তৈরি একটি বিশেষ সাহায্যকারী ভারী ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেয়। ছয়টি প্রপেলার ও কালো কাঠামোর এই ড্রোনটি সর্বোচ্চ ৯০ কেজি ওজন বহন করে ২৫ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। অভিযানের আগে ভ্লাসেনকোর কাছে নিয়মিত রসদের সঙ্গে একটি বিশেষ বেল্ট বা হারনেস এবং নির্দেশনা সংবলিত ভিডিওসহ একটি মোবাইল ফোন পাঠায় ইউক্রেনীয় বাহিনী।

অভিযানের দিন, অর্থাৎ ৪ অক্টোবর, ইউক্রেনীয় বাহিনী প্রায় দুই ঘণ্টা ধরে কামান ও এফপিভি ড্রোনের সাহায্যে রুশ অবস্থানগুলোতে একযোগে হামলা চালিয়ে উদ্ধার পথ নিরাপদ করে। একই সঙ্গে মূল উদ্ধারকারী ড্রোনটির নিরাপত্তার জন্য তিনটি ছোট ড্রোন চারপাশে ছদ্মবেশী পাহারা দেয়। নির্দেশনামতো ভ্লাসেনকো হারনেসের সাহায্যে ড্রোনের উইঞ্চের ক্যারাবিনারে নিজেকে আটকে নেন। এরপর ড্রোনটি তাকে মাটি থেকে প্রায় ৭০ মিটার বা ২৩০ ফুট উঁচুতে তুলে নিয়ে ১৫ মিনিটের উড়ালে ১৫ কিলোমিটার দূরে এক নিরাপদ স্থানে পৌঁছে দেয়। ড্রোনে ঝুলে উড়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে ভ্লাসেনকো বলেন, ‘আমার বনে বা মাটিতে পড়ে যাওয়ার ভয় ছিল না, কিন্তু সবচেয়ে ভয় পাচ্ছিলাম পানিতে পড়ে যাওয়ার, কারণ আমি সাঁতার জানি না।’ রয়টার্স জানিয়েছে, ভ্লাসেনকোর বক্তব্যের সঙ্গে উদ্ধারকারী ড্রোনের ভিডিও ফুটেজের মিল রয়েছে, যদিও সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।