জাপানের কিউশু দ্বীপে ৭.১ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই প্রাকৃতিক দুর্যোগের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে কিউশু দ্বীপে এই কম্পন অনুভূত হয়। জাপানের নিজস্ব শিন্দো কম্পনমাত্রা স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা সর্বোচ্চ সাত মাত্রায় পৌঁছেছিল।

জেএমএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় এলাকায় সুনামির ঢেউ সর্বোচ্চ এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, এ উচ্চতার ঢেউ ইতোমধ্যেই আঘাত হেনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পের ফলে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, কুমামোতো অঞ্চলে প্রায় ৪৫ হাজার পরিবার ও স্থাপনা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তাৎক্ষণিকভাবে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। এছাড়া ভূমিকম্পের সময় ওই অঞ্চলে চালু থাকা তিনটি পারমাণবিক চুল্লি স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে।

ভূমিকম্পের প্রায় আধা ঘণ্টা পর এনএইচকের এক স্থানীয় সংবাদকর্মী সরাসরি সম্প্রচারে জানিয়েছেন, কম্পন তখনও অব্যাহত ছিল। তিনি বর্ণনা করেন যে, সংবাদকক্ষ এতটাই কাঁপছিল যে সেখানে দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে পড়েছিল। তিনি আরও বলেন, ‘আমি কথা বলার সময়ও কম্পন চলছে। আমার মতো অনেকেরই হয়তো বুক ধড়ফড় করছে।’ তিনি আরও যোগ করেন, ‘ভূমিকম্প আঘাত হানার সময় কম্পন এতটাই প্রবল ছিল যে আমি দাঁড়াতে পারিনি। তাই এর পরও আবার কম্পন হতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’