সামরিক শক্তি প্রদর্শন ও ক্রমাগত হুমকির মাধ্যমে ওয়াশিংটন মূলত ‘হুমকিনির্ভর কূটনীতি’ চালাচ্ছে বলে তীব্র অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, পারমাণবিক অস্ত্র প্রতিরোধকে অজুহাত করে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে আরও ভয়াবহ এবং বিধ্বংসী অস্ত্র ব্যবহারের পরিকল্পনা বিবেচনা করছে।
চলমান সংঘাতের তীব্রতা তুলে ধরে পেজেশকিয়ান উল্লেখ করেন, যুদ্ধের একদম প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ (পিআরএসএম) হামলায় ইরানের লামের্দ শহরের একটি ক্রীড়া হলে ২১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান। এর পাশাপাশি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইরানের একটি ভূগর্ভস্থ পরমাণু স্থাপনায় হামলার উদ্দেশ্যে পেন্টাগন ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ বা এমওএবি বোমা মোতায়েনের বিষয়টি ভাবছে। অতি শক্তিশালী এই বোমাটি বিশ্বজুড়ে ‘মাদার অব অল বম্বস’ বা সব বোমার মা হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্রের এই ধরনের দ্বিমুখী অবস্থানের সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, একদিকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের কথা বলা আর অন্যদিকে অধিক বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়া কোনো বৈপরীত্য নয়, বরং একটি লজ্জাজনক বিষয়। এতে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃতপক্ষে কে হুমকি সৃষ্টি করছে তা স্পষ্ট বলে তিনি মন্তব্য করেন। তেহরানের পক্ষ থেকে আসা এই বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ ও কূটনৈতিক অবস্থানের চরম অসংগতি আবারও প্রকাশ্যে এল।

