নেপালে বন্যায় ১৬২ জনের মৃত্যু, দুর্গতদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

নেপালে পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির রাসুয়া জেলায় ভুটে কোশি নদীর প্রবল স্রোতে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে, যার ফলে ঘরবাড়ি ও সেতুসহ ব্যাপক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নাগরিকদের ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি ক্ষতিগ্রস্তদের সাহস দিয়ে বলেন, 'এই কঠিন সময়ে আপনারা একা নন। রাষ্ট্র তার সব সম্পদ নিয়ে আপনাদের পাশে রয়েছে। দয়া করে ধৈর্য ধরুন। এমন সংকটের সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'

প্রধানমন্ত্রী জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম গতিশীল করতে সরকারি সব ধরনের সম্পদ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, জাতীয় কাউন্সিল এবং মন্ত্রিসভার জরুরি বৈঠকে ত্রাণ তৎপরতা আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্ধার অভিযানে নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তার জন্য বীর হাসপাতাল ও ন্যাশনাল ট্রমা সেন্টারে ১০০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে দুর্গত এলাকায় চিকিৎসক, উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছে। এছাড়া বন্যাকবলিত পরিবারগুলোর জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে সরকার। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা দ্রুত পুনর্নির্মাণ এবং বাস্তুচ্যুত পরিবারগুলোকে নিরাপদ স্থানে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১১: ৩৩আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১১: ৩৬