কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টাকে কেন্দ্র করে শনিবার (৩ অক্টোবর) এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালহুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

'ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া' (এনসিপিআই) এবং 'বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান' যৌথভাবে এই প্রতিবাদ ও ঘেরাও কর্মসূচির ডাক দেয়। শনিবার দুপুরে কলকাতার শিয়ালদহ রেল স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআই-এর অর্ধশতাধিক কর্মী-সমর্থক অংশ নেন।

মিছিলটি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অভিমুখে রওনা দিলে নিরাপত্তার কারণে পুলিশ মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে শক্ত ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে জোরপূর্বক মিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কলকাতা পুলিশের সদস্যদের সঙ্গে তাদের তুমুল ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি শুরু হয়। এই পরিস্থিতির কারণে ওই এলাকার ব্যস্ত সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়।

পুলিশের বাধার কারণে আন্দোলনকারীরা শেষ পর্যন্ত মিশনের সামনে পৌঁছাতে পারেননি। পরবর্তীতে ডেপুটি হাইকমিশন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে যাওয়ার সুযোগ পায়। প্রতিনিধি দলটির সদস্যরা ডেপুটি হাইকমিশনে প্রবেশ করে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালহুদের নিরাপত্তা বিধান এবং চিন্ময় কৃষ্ণের অবিলম্বে মুক্তির দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি জমা দেওয়ার পর মিশনের সামনে কিছুক্ষণ স্লোগান দিয়ে আন্দোলনকারীরা স্থান ত্যাগ করেন।

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৮: ৪২আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৮: ৪৫