ছয় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানের বিভিন্ন নিশানা ক্ষতিগ্রস্ত হয় এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন নেতা নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানে এমন একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করা। তবে এই যুদ্ধে জড়িয়ে ওয়াশিংটন বর্তমানে এমন এক জটিল পরিস্থিতিতে পড়েছে, যেখান থেকে বের হওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধের লক্ষ্যগুলোও অর্জিত হয়নি বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে দাবি করেছিলেন যে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে, কিন্তু সেই দাবি এখন মিথ্যা বলে প্রতীয়মান হচ্ছে। অন্যদিকে, এই যুদ্ধের প্রভাব ইরানের অর্থনীতি পুনরুদ্ধারে কোনো ভূমিকা রাখতে পারেনি, যা বর্তমানে ইরান সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত হয়েছে।
২০২৪ সালের মার্কিন নির্বাচনে জো বাইডেনের সরকারের প্রতি ট্রাম্পের মূল সমালোচনার জায়গা ছিল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। কিন্তু ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে কেবল জ্বালানি তেলের দামই ৫০ শতাংশ বেড়ে গেছে। ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের সঙ্গে চুক্তির কথা বারবার বললেও নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির বেহাল দশা কাটাতে এই দাবিগুলো তেমন কাজে আসছে না। মেরিল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক শিবলী তেলহামি আল–জাজিরাকে জানিয়েছেন, যুদ্ধের কারণে বেড়ে যাওয়া আর্থিক ব্যয় এখন সাধারণ মানুষের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইপসোসের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, প্রতি তিনজনে একজনেরও কম আমেরিকান এই যুদ্ধ সমর্থন করেন।
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প একে ‘ইকোনমিক ডি-ডে’ হিসেবে অভিহিত করেছেন। তবে অ্যারন ডেভিড মিলার বলেন, উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো ইরানের কাছে আছে এবং তারা হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে। হামাস ও হিজবুল্লাহর মতো শক্তিগুলো দুর্বল হলেও এখনো টিকে আছে। ইরানে যে ধরনের গণরোষ বা অভ্যন্তরীণ বিভাজন যুক্তরাষ্ট্র আশা করেছিল, তেমন কিছুই ঘটেনি।
ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষক আহরন ব্রেগম্যানের মতে, গাজা ও লেবাননের পর ইরানেও নেতানিয়াহুকে ব্যর্থ হিসেবে দেখা হচ্ছে। অনেক ইসরায়েলি এই যুদ্ধকে নিরাপত্তা ভুল মনে করছে। সাবেক উপদেষ্টা দানিয়েল লেভি জানান, নেতানিয়াহু আশা করেছিলেন যুদ্ধটি নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে, কিন্তু তা হয়নি। ইরানের নিজস্ব হিসাবমতে, গত এপ্রিল পর্যন্ত যুদ্ধে তাদের অর্থনীতিতে ১৪৫ বিলিয়ন (১৪ হাজার ৫০০ কোটি) ডলারের বেশি ক্ষতি হয়েছে এবং মূল্যস্ফীতি ৬৬ শতাংশে পৌঁছেছে। শুধু মার্কিন অবরোধের কারণেই দেশটির প্রতিদিন গড়ে ৪৩৫ মিলিয়ন (৪৩ কোটি ৫০ লাখ) ডলার ক্ষতি হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে ভবিষ্যতে আলোচনার বিষয়ে কট্টরপন্থী ও মধ্যপন্থীদের মধ্যকার দ্বন্দ্বও এখন প্রকাশ্যে চলে এসেছে। সব মিলিয়ে, যুদ্ধের কারণে দেশের ভেতরের রাজনীতিতে চ্যালেঞ্জ বাড়লেও কোনো পক্ষই হার মানতে রাজি নয় এবং ইসরায়েলের কাছে ইরান এখনো আগের মতোই হুমকি হিসেবে রয়ে গেছে।

