হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যে তেহরানের দেওয়া সাত দিনের পরিকল্পনার বিপরীতে যুক্তরাষ্ট্রের পাঠানো প্রতিক্রিয়া পর্যালোচনা করছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, মার্কিন অবস্থান যাচাই-বাছাই শেষে আগামী কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটনকে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ এখনো চলমান রয়েছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় পক্ষ নিয়মিত বার্তা আদান-প্রদান করছে। তিনি বলেন, আমরা আমাদের সাত দিনের পরিকল্পনা পেশ করেছি এবং এর জবাবে আমেরিকানদের অবস্থানও আমাদের হাতে এসেছে। এখন সেটি পর্যালোচনা করা হচ্ছে এবং আশা করছি কয়েক দিনের মধ্যেই আমরা আমাদের জবাব দিতে পারব।
তেহরানের এই কৌশলের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধার করা এবং একই সাথে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একটি নতুন পথ তৈরি করা। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে আরাগচি জানিয়েছিলেন, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র যদি এই পরিকল্পনা গ্রহণ করে, তবে সাত দিনের মধ্যে কৌশলগত এই জলপথ খুলে দিতে প্রস্তুত ইরান। পরিকল্পনার রূপরেখা অনুযায়ী, প্রথম চার থেকে পাঁচ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে, ষষ্ঠ দিনে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে এবং সপ্তম দিনে চূড়ান্ত সমঝোতা নিয়ে আলোচনার সূচনা হবে।
ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে সামরিক অভিযান ও যুদ্ধ বন্ধ করা, বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করা, তেল রপ্তানির ওপর বিধিনিষেধ প্রত্যাহার এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় কাতারের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার মাধ্যমে এই প্রস্তাবগুলো পেশ করা হয়। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্রের জবাব আরাগচির কাছে পৌঁছেছে, যদিও সেই জবাবের বিস্তারিত বিষয়বস্তু তখন প্রকাশ করা হয়নি।
বর্তমানে হরমুজ প্রণালির পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। ইরান তাদের শর্ত পূরণ এবং মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়ে প্রণালিতে বিধিনিষেধ বহাল রেখেছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, নির্দিষ্ট শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত স্বাভাবিক নৌ চলাচল ফিরবে না। এর আগে গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে হরমুজ প্রণালিতে নৌ চলাচল কার্যত বন্ধ হয়ে যায় এবং যুক্তরাষ্ট্র বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে। পরবর্তীতে জুন মাসে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও নিরাপত্তা ও বাস্তবায়ন নিয়ে মতবিরোধের কারণে তা কার্যকর করা সম্ভব হয়নি।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করলে তেহরান পাল্টা আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সময় হরমুজ প্রণালিতে কার্যত নৌ চলাচল বন্ধ হয়ে যায়। পরে ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ আরোপ করে।

