এডেন অভিমুখে হুথিদের আগ্রাসন, ঠেকাতে মরিয়া ইয়েমেনের সরকারি বাহিনী

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন এলাকা দখলের পর ঐতিহাসিক এডেন শহরের দিকে অগ্রসর হচ্ছে হুথি বিদ্রোহীরা। এই অগ্রযাত্রা ঠেকাতে এবং হারানো এলাকা পুনরুদ্ধারে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সেনাবাহিনী সর্বোচ্চ সামরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইয়েমেনি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ফ্রন্টে হুথিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এসব হামলায় ১৭৩ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ অভিযানের আওতায় এই হামলাগুলো পরিচালিত হয়। এর মধ্যে ১৫টি বিমান হামলা, ৫২৬টি কামান হামলা, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা অন্তর্ভুক্ত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি আরও জানান, এই অভিযানে হুথিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তাদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং বিভিন্ন দুর্গও এই হামলার লক্ষ্যবস্তু ছিল। তিনি উল্লেখ করেন, ‘পপুলার রেজিস্ট্যান্স’-এর সহায়তায় সরকারি বাহিনী তাইজ, মারিব ও আল-জউফ প্রদেশে অভিযান চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন ফ্রন্টেও এই সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সেনাবাহিনীর দাবি, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে, তবে বেসামরিক নাগরিক ও তাদের অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এর আগে যুদ্ধক্ষেত্রে সরকারি জোটের বাহিনী বেশ কয়েকবার বিপর্যয়ের মুখে পড়েছিল। বিশেষ করে হুথিদের হামলার মুখে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কৌশলগত অবস্থান থেকেও তাদের সরে যেতে হয়। এখন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেন রক্ষায় নতুন করে অবস্থান নিচ্ছে সরকারি বাহিনী। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, লোহিত সাগরের উপকূলে সরকারি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ বিচ্ছিন্ন করে দিয়েছে হুথিরা, যার ফলে সরকারি সেনাদের বেশ কয়েকটি অবস্থান ছেড়ে দিতে হয়েছে এবং এডেনের দিকে তাদের নতুন করে অগ্রযাত্রা নিয়ে উদ্বেগ বাড়ছে।