ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় 'আরেকটি নাকবা' ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি বলেন, ফিলিস্তিনিরা বর্তমানে তাদের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময় পার করছে। তিনি দীর্ঘদিনের দখলদারত্ব, বাস্তুচ্যুতি এবং আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতা থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি তুলে ধরেন।
আব্বাস গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হত্যা, ধ্বংসযজ্ঞ, অনাহার সৃষ্টি এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টার অভিযোগ করেন, যা সেখানে নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি করেছে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় সশস্ত্র গোষ্ঠীগুলো যেন ঘুমন্ত মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর পুড়িয়ে দিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এছাড়া শিশুদের ভয় ও নিরাপত্তাহীনতার মধ্যে বেড়ে ওঠাও বন্ধ করার আহ্বান জানান তিনি।
শান্তি পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'বোর্ড অব পিস' প্রতিষ্ঠার প্রায় এক বছর পার হলেও পরিকল্পনার দ্বিতীয় ধাপ এখনো বাস্তবায়িত হয়নি। তিনি আর সময় নষ্ট না করে দ্রুত এটি কার্যকর করার আহ্বান জানান। একই সঙ্গে ২০২৭ সালে শেষ হওয়ার কথা থাকা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা যেন স্থায়ী বা অনির্দিষ্ট পরিস্থিতিতে পরিণত না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে আব্বাস বলেন, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত এলাকায় বসতি সম্প্রসারণ এবং ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ১৯৪৮ সালের যুদ্ধের সময় ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনাকে 'নাকবা' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বকে আরেকটি নাকবা বা ১৯৪৮ সালের মতো হত্যাযজ্ঞ হতে দেওয়া যাবে না।
তিনি অভিযোগ করেন, ইসরায়েলের কিছু নীতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা তৈরির পাশাপাশি ফিলিস্তিনিদের অস্তিত্বের ওপরও হুমকি হয়ে দাঁড়িয়েছে। গাজা যুদ্ধে স্কুল, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনিদের সুরক্ষা, দখলদারত্বের অবসান এবং দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের আহ্বান জানান।
কিছু দেশ কেন নীরব রয়েছে বা কেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে—ভাষণে সেই প্রশ্নও তোলেন আব্বাস। তিনি বলেন, ইসরায়েলের কট্টরপন্থীরা 'গ্রেটার ইসরায়েল' প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনি উপস্থিতি মুছে ফেলার চেষ্টা করছে। সবশেষে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ফিলিস্তিনিদের সঙ্গে সংলাপ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান।

