জার্মানির রাজধানী বার্লিনের কেন্দ্রস্থলে অবস্থিত সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ঘটনা ঘটেছে। গত রোববার সকালে ঘটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় জার্মানির রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় উঠেছে। জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফ টেলিভিশন এবং পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনই জার্মান নাগরিক।
পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে বার্লিনের প্লাৎস দ্য রিপাবলিক চত্বরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ২২ বছর বয়সী এক যুবক রাইখস্টাগ ভবনের সামনে থাকা প্রায় ৩০ মিটার উঁচু পতাকাদণ্ডে আরোহণ করেন। এরপর তিনি জার্মানির জাতীয় পতাকাটি নামিয়ে মাটিতে ফেলে দিয়ে সেখানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ২০ ও ৩২ বছর বয়সী অপর দুজন তাঁকে সহযোগিতা করেন এবং পুরো বিষয়টি ভিডিও ধারণ করেন।
ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফিলিস্তিনের পতাকাটি নামিয়ে ফেলেন। তবে পতাকাদণ্ডের দড়ি ওঠানো-নামানোর ব্যবস্থাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জার্মানির জাতীয় পতাকাটি তাৎক্ষণিকভাবে পুনরায় উত্তোলন করা সম্ভব হয়নি। পুলিশি তদন্তের অংশ হিসেবে ২২ বছর বয়সী ওই যুবককে সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁকে পুলিশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপর দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদ শেষে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগ বর্তমানে রাষ্ট্র ও তার প্রতীক অবমাননা, জনস্বার্থসংশ্লিষ্ট সম্পত্তির ক্ষতিসাধন, বার্লিনের সমাবেশসংক্রান্ত আইন লঙ্ঘন এবং অনধিকার প্রবেশের সন্দেহে তদন্ত শুরু করেছে। এদিকে ‘পিসফুলি এগেইনস্ট জেনোসাইড’ নামের একটি অ্যাকটিভিস্ট গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেছে। তাদের অনলাইন বিবৃতিতে দাবি করা হয়েছে, ফিলিস্তিনের মানুষের প্রতি নাগরিক সমাজের সংহতি প্রকাশ করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এই ঘটনায় জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্টাগ) প্রেসিডেন্ট ইউলিয়া ক্লোকনার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পার্লামেন্ট ভবনের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পার্লামেন্ট ভবন কোনো অ্যাকটিভিজম প্রদর্শনের স্থান হতে পারে না এবং এই ঘটনা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্টও এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে বামপন্থী বিশৃঙ্খলাকারীদের পরিকল্পিত এবং অত্যন্ত অসম্মানজনক কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন।

