সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার

সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার সকালে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ গ্রহণের পর তিনি এ কথা জানান।

মরদেহ হস্তান্তর শেষে প্রতিমন্ত্রী জানান, গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে এবং বাকিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত শাহেদ আহম্মেদের পরিবারকে দ্রুত সরকারি অনুদান প্রদান করা হবে বলেও তিনি নিশ্চিত করেন। শিরশ্ছেদ হওয়া বাংলাদেশিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সৌদি আরব থেকে রায়ের কপি হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লাশ দাফন ও যাতায়াত বাবদ ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে মর্মান্তিকভাবে প্রাণ হারানোর কারণে বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।