সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি করল দূতাবাস

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম) এক অতি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে দণ্ডনীয় অপরাধ। এই নির্দেশনা মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে ফেসবুক, ইউটিউব, এক্সসহ (সাবেক টুইটার) যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতি-সংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য, ছবি বা ভিডিও প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া এসব ছবি, ভিডিও বা তথ্য মুঠোফোনে সংরক্ষণ এবং অন্যের সঙ্গে বিনিময় করা থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে প্রবাসীদের।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। এছাড়া দেশটির আইন ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।