প্রবাসীদের জন্য বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার

প্রবাসী বাংলাদেশিদের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন ও আর্থিক প্রণোদনা নিশ্চিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে এই কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। শনিবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধাসহ বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা পাবেন। নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে সরকার এর আগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন করেছে, যার ধারাবাহিকতায় এবার প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। কার্ডের মাধ্যমে প্রবাসীরা দেশে-বিদেশে এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথ, বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ে ডিসকাউন্ট, সরকারি হাসপাতালে সেবা ও ছাড়, বিনা খরচে লাশ পরিবহন, বিমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন ও বিনিয়োগে অগ্রাধিকারসহ নানা সুবিধা ভোগ করবেন। এছাড়া রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা ও সরাসরি অর্থ লেনদেনের সুযোগও থাকবে এই কার্ডে।

প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে এই প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে দুই লাখ প্রবাসী কার্ড বিতরণ করা হবে। পরবর্তী ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই কার্ডের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের এই কার্ডের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।