দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের পরই এই সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া কর্তৃপক্ষ ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে বা জিরো কস্ট-এ নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই কর্মীদের বিমান ভাড়াসহ অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার থেকে মুক্ত রাখা হয়েছে। প্রথম ধাপে নির্বাচিত এই কর্মীদের সরকারি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ বা বোয়েসেল-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানো হবে।
২০২২ সালের সমঝোতা স্মারক অনুযায়ী কর্মী পাঠানোর ক্ষেত্রে এজেন্সি নির্বাচনের একক ক্ষমতা মালয়েশিয়া সরকারের হাতে থাকায় বর্তমান সরকার বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে থেকেই সর্বোচ্চ নেগোসিয়েশন করেছে। মালয়েশিয়ার উচ্চপর্যায়ের যৌথ কমিটির যাচাই-বাছাই প্রক্রিয়ার পর মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি ও সাব-এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। এই তালিকার মধ্যে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ অনুমোদিত ২৫টি মূল রিক্রুটিং এজেন্সি এবং একটি সরকারি এজেন্সি অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে অন্তর্বর্তী সরকার বিতর্কিত এজেন্সিগুলোকে বাদ দিয়ে ৪২৩টি এজেন্সির তালিকা থেকে অতিরিক্ত ৩১২টি এজেন্সিকে নতুন করে সহযোগী হিসেবে যুক্ত করেছে। এছাড়া কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে।

