সৌদি ফ্লাইট বিপর্যয়: ১০৭ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৬ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় গত ১০ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে সৌদিগামী ১০৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ১৬ হাজার ৬২০ জন যাত্রী আটকা পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানিয়েছেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি ফ্লাইট রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারের ১০টি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিলের সংখ্যা ৬৩টি। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারের ২২টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

কাওছার মাহমুদ আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া এবং বিমানবন্দরগুলো পুনরায় নিয়মিত কার্যক্রমে ফিরে না আসা পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।